দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষা করে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে চলছে চারা রোপণের ধুম, আর কৃষকেরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে সারিবদ্ধভাবে বীজতলা সংগ্রহ ও আমন ধানের চারা রোপণ করছেন। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করছেন, আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে চারা লাগানো হচ্ছে। বৃষ্টি ও রোদের পালাবদলের মধ্যেও কৃষকদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে গ্রামের কৃষিজমি।
স্থানীয় কৃষক তরিকুল ইসলামের ভাষ্য, সময়মতো চারা রোপণ করতে পারলে ভালো ফলনের আশা করা যায়। তাই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা আবাদে কোনো বিরতি দিচ্ছেন না। পর্যাপ্ত বৃষ্টি ও অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার আমনের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা। এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন। উন্নত জাতের ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে। এতে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন চারার সমারোহ জানান দিচ্ছে নতুন একটি সম্ভাবনাময় ফসলের মৌসুমের। কৃষকদের নিরলস শ্রম আর কৃষি বিভাগের সহযোগিতায় এবারও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।