“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম ওয়েভ (ডঅঠঊ)-এর উদ্যোগে “শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়েভ দিরাইয়ের সমন্বয়কারী রাজিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার (খেজুর) এবং দিরাই উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক এ. কে. কুদরত পাশা।
বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ পরিবার গঠনে নারীর অবদান অনস্বীকার্য। নারীদের কেবল ঘরের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে হাওরাঞ্চলের নারীদের সবজি চাষসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ছেলে ও মেয়ে শিশুদের সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে জানানো হয়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে পরিচালিত ওয়েভ উদার, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন ওয়েভ দিরাইয়ের সদস্য শিক্ষিকা পারভীন আক্তার, তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য রুপিয়া আক্তার, মজিদা খাতুন, লিলি বেগম, শাম্মি আক্তার, নাজিয়া সরদার, তাকমিনা আক্তার, দূরপতি নন্দী, বাবলী, অপি রানী সরকার, দুলা তালুকদারসহ অন্যান্যরা