সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৫:১৩ পিএম
সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের অন্যায়, অবিচার, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পুঞ্জীভূত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে। তিনি বলেন, দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ আন্দোলন সফল হয়। তিনি আন্দোলনের শহিদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের পাশে থাকার পাশাপাশি শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের সার্বিক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রকৃত কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকলে যাচাই-বাছাই করে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি শহিদ পরিবার ও আহতদের প্রতি সরকারি সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সভাপতি লিটন আহমদ, আমরা জুলাই যোদ্ধা মহানগর শাখার সদস্য সচিব আবদুল মতিন, শহিদ পরিবারের সদস্য সাইফ আলম ও মো. রফিক উদ্দিন বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে