পাবনার সুজানগরের দুর্গাপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী দুলাল কর্মকার প্রতারণার আশ্রয় নিয়ে এলাকার একাধিক লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছে। আর এখন তার প্রতারণার ওই দায় চাপছে পরিবারের অন্যান্য সদস্যদের উপর।
জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী উক্ত দুলাল সুজানগর পৌর বাজারে তার অন্যান্য ভাইদের সাথে স্বর্ণের ব্যবসা করার এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে। আর মাদকের ওই টাকা যোগাড় করতে পর্যায়ক্রমে সে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সমস্ত সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। এমতাস্থায় সে তার বড় ভাই উজ্জ্বল কর্মকারসহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আশ্রয় নিয়ে প্রতারণার পথ বেঁচে নেয়। উক্ত উজ্জ্বল কর্মকার বলেন আমার ছোট ভাই দুলাল কর্মকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সমস্ত সম্পত্তি বিক্রি করে আমিসহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আশ্রয় নেয়। দীর্ঘদিন আমাদের আশ্রয়ে থাকার এক পর্যায়ে সে প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের বাড়ির সম্পত্তির কিছু অংশ তার মালিকানা দাবি করে বিক্রির কথা বলে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সেই সাথে তিনি আরো বলেন মাদকাসক্ত প্রতারক দুলাল কর্মকার ইতিপূর্বে আমিসহ সুজানগর পৌর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সাথে স্বর্ণের ব্যবসা করার সুবাদে সুকৌশলে আনুমানিক ৫লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার আত্মসাৎ করে। লোকমুখে তার এই প্রতারণার খবর ছড়িয়ে পড়লে গত ৫জুন সে গা-ঢাকা দেয়। উজ্জ্বল কর্মকার জানান, বর্তমানে এলাকার ভুক্তভোগী লোকজন উক্ত দুলাল কর্মকারের দায়ভার আমিসহ আমার পরিবারের সদস্যদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি করছে। কিন্তু আমরা তার প্রতারণার দায় নেবনা। কেননা অনেক আগেই প্রতারক দুলাল কর্মকারের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।