জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন ক্লাব মিলনায়তনে '৬০টি সিএমআরজি'-এর জন্য 'আরএপি' বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী পারুল আক্তার।
সভায় অতিথি হিসেবে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু অভিবাসী ও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য সরকারি খাসজমি, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাঁদের অংশীদারত্ব বাড়ানো জরুরি। সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের টেকসই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে।
সভায় বক্তব্য রাখেন নাগরিক নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, স্থানীয় নির্বাচন কর্মকর্তা হযরত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান রিপন ও লিটন হোসেন। অ্যাডভোকেসি সভায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সংকট ও দাবির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।