কয়েকদিনের টানা বৃষ্টিতে পাবনার ঈশ্বরদীতে কাঁচা মরিচ ট্রিপল সেঞ্চুরি করে এখন ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য শাক সবজির দামও বেড়েছে। বাজারে কমেছে সকল সবজির সরবরাহ। হাট-বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কয়েকগুণ। গত সপ্তাহে ঈশ্বরদীর হাট-বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা। এর আগে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি। শনিবার (১ আগষ্ট) সকালে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ টাকা কেজি দরে। পাড়া মহল্লার দোকানে কাঁচা মরিচের দাম আরো বেশি।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে নিচু এলাকার জমিতে পানি জমায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট দেখা দেয়। প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। এদিকে কাঁচা মরিচের পাশাপাশি বেড়েছে সবজির দাম। ৪০ টাকার কুড়িকচু এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। শসার কেজি বেড়ে ১১০ টাকা হয়েছে। বেড়েছে আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, করলা, ঢ্যাঁড়শের দাম। প্রতি কেজি আলু ৩৫, পেঁয়াজ ৭০, পটল ৬৫, ঝিঙে ৬০, করলা ১১০, ঢ্যাঁড়শ ৫৫ টাকা, ফুলকপি ৯০ টাকা, কাকরোল ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, একটি চাল কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মুরগীর দামও উর্ধ্বমুখি।
ঈশ্বরদী বাজারের সবজি বিক্রেতা আকরাম হোসেন বলেন, চলমান বন্যা ও বৃষ্টির কারণে মরিচ ক্ষেত পানিতে তলিয়ে গাছ মরে গেছে। কাঁচা মরিচ বাজারে তুলনামূলক আমদানি খুবই কম। একই অবস্থা সবজির ক্ষেত্রেও। তাই দাম কিছুটা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা কেজি দরে।
ঈশ্বরদী বাজারের কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী মনির হোসেন বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণবঙ্গ বন্যার পানিতে তলিয়ে গেছে। সেজন্য উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচা মরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ২৮০-২৯০ টাকা কেজি দরে।
ঈশ্বরদী সবজি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা রিকশাচালক জুলহাস হোসেন বলেন, বৃষ্টির কারণে সব সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। এক পোয়া কাঁচা মরিচ ৭৫ টাকা দিয়ে কিনলাম। এমনিতেই কয়েকদিনের বৃষ্টির কারণে রিকশা চালাতে পারছি না। সড়কে তেমন একটা ভাড়াও নেই। এরমধ্যে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের সংসার চলাতে খুব কষ্ট হচ্ছে ঈশ্বরদী উপজেল কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, গত কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সবজির আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা মরিচের গাছ মারা যাচ্ছে। এরফলে কাঁচা মরিচসহ সকল সবজির দাম কিছুটা বেড়েছে।