কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ আজ (৩ আগস্ট ) নাগেশ্বরী উপজেলার চর নারায়নপুর এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি চরাঞ্চলের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শনকালে জেলা পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে ঢাকডহর এহছাকিয়া দাখিল মাদ্রাসায় হস্তশিল্প, নকশী কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়াও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও মাদক প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়দের এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পরে জেলা প্রশাসক চর নারায়নপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের সেবাকার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় জনসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এদিকে বজ্রপাতজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি হ্রাসে তালগাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং চরাঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যকরকরণসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শনকে চরাঞ্চলের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।