স্বাভাবিক সেবা ব্যাহত, ডিমলায় গভীর ঘুমে আচ্ছন্ন অফিসের কর্মচারী

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৭:০৭ পিএম
স্বাভাবিক সেবা ব্যাহত, ডিমলায় গভীর ঘুমে আচ্ছন্ন অফিসের কর্মচারী

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে অফিস চলাকালীন সময়ে ওই অফিসের কর্মচারী শামসুন নাহার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারী শামসুন নাহারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রৗশন কবীর । সোমবার (৩ আগস্ট) বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীকে দাপ্তরিক সময়ে ঘুমিয়ে থাকতে দেখেন। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা, কর্মঘণ্টায় দায়িত্ব পালন এবং জনসেবার মান নিয়ে সেবা গ্রহন কারীদের মাঝে প্রশ্ন ওঠে। সেবা গ্রহনকারীদের অভিযোগ, সরকারি অফিসে সেবা নিতে এসে এ ধরনের দৃশ্য জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং সরকারি সেবার প্রতি সেবা গ্রহনকারীদের আস্থাকে ক্ষুণ্ন করে। গয়াবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু রাইয়ান বলেন, “বিকেল ৪টায় উপজেলা অফিসে মিটিং থাকায় আমি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হয়ে যাই। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে ঘটনাটি জানার পর ইতোমধ্যেই তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “ অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তোর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মচারীকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, অভিযুক্ত কর্মচারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 


আপনার জেলার সংবাদ পড়তে