জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘৩৬ জুলাই’ দুই বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পথযাত্রা ও আনন্দ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লৌহজং উপজেলা শাখা।
আলহাজ্ব মাওলানা আবুল কালাম খানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লৌহজং-টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ-২) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা মুনসুর আহমেদ মুসা।
তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রতি সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরো বলেন একাত্তরের স্বাধীনতার প্রতিটা মুক্তিযুদ্ধা শহীদদের আমরা মনের গভীর থেকে স্মরণ করি তারা আমাদের দেশকে স্বাধীন করে এনে দিয়েছে। তারা যদি দেশ স্বাধীন না করতো তাহলে আমরা আজকের এই জুলাই পেতাম না। তাই আমি মনে করি একাত্তর পিতার মতো ২৪ জুলাই ছেলের মতো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা মুনসুর আহমেদ মুসা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলে তিনি বাংলাদেশে আসবেন, এটাই স্বাভাবিক। ন্যায়-অন্যায়ের বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত।
কর্মসূচিতে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারীরা পথযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।