ভারতীয় তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মেহেদী দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করে। তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ে এমনকি তরুনীর নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী। এ ঘটনায় ভারতের তরুণী পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণ করার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে কালিকাপুর এলাকা থেকে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকট আত্মীয়দের কাছে ছবি ও ভিডিও পাঠিয়ে হেয় করার অভিযোগের সত্যতা পায় পুলিশ। জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করার পর ৫আগষ্ট বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হলে আদালতের আদেশে তাকে কারাগারে প্রেরণের নির্দ্দেশ দেয় ।