চিতলমারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ০৩:৩৯ পিএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৩:৩৯ পিএম
চিতলমারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে চিতলমারীতে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস।ছাত্র জনতার রক্তস্নাত ঐতিহাসিক এই আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হিজলা ইউনিয়নের শহীদ সাব্বির ও কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে শহীদ জসিম ফকিরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও খাদিজা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ। 

পুষ্পঅর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোওয়া ও মোনাজাত করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনভিত্তিক বিভিন্ন বিষয়ে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান, বিশিষ্ট শিল্পপতি ও জামায়াত নেতা মো. কামরুল ইসলাম, উপজেলা এনসিপি সভাপতি মো. জুয়েল ফকির এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (কাকা মিয়া) প্রমুখ।এ সময় জুলাই আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিক ও শহীদ জসিম ফকিরের পিতাকে সম্মাননা প্রদানসহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে