সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মোস্তাকিম হোসেন নামে ৬বছরের এক শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা মুসলিমা খাতুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুনপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত এক আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা মুকুন্দমধুসুদনপুর চৌমুহনী-সরদারপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বাঁশতলা বাজার অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক (খুলনা মেট্রো ড ১১-০৩০৭) এর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোস্তাকিম হোসেন ঘটনাস্থলে মারা যায়, হাত ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হন মা মুসলিমা খাতুন। জনতা ঘাতক ট্রাক এবং এর চালককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর ও ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক আলামিন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর লাশ, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং চালককে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।