মাদক বিরোধী অভিযান ব্যর্থ করতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ও অবিলম্বে সকল মাদক কারবারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ি,সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ি এ প্রত্যয়কে সামনে রেখে শরণখোলা উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর রায়েন্দা বাজারের ৫ রাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: শিমুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: দুলাল ফরাজি,শরণখোলা উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা জন্ম দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শরণখোলা উপজেলাকে মাদকমুক্ত করতে নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শরণখোলার মাদক সম্রাট ইলিয়াস তালুকদার গ্রেফতারের পর একটি কুচক্রী মহল ওসির বিরুদ্ধে মানহানিকর নানা কর্মকাণ্ড ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, জামায়াতে ইসলামী শরণখোলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কবির সর্বস্তরের মানুষকে শরণখোলাকে মাদক মুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে শরণখোলা থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সম্রাট ইলিয়াস তালুকদার সহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সংক্রান্তে থানায় দায়ের করা হয়েছে ১১ টি মামলা। এ দ্বারা অব্যাহত রাখতে পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন।