জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম
জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত
ছবি: সংগ্রহীত

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার সেটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরে কর্মস্থলে ফিরছিলেন ছামিউল হক। ভোরে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে তার গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়। গুরুতর আহত হন গাড়ির চালক ইদ্রিস আলী।

স্থানীয় জহুরুল ইসলাম জানান, ট্রাকটির একটি চাকা ফুটো হওয়ার পর সেটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েছিলেন। পরে পেছন থেকে প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে