দিঘলিয়ায় বসতবাড়ি থেকে চার বন বিড়ালের শাবক উদ্ধার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৫:১২ পিএম
দিঘলিয়ায় বসতবাড়ি থেকে চার বন বিড়ালের শাবক উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের একটি বসতবাড়ি থেকে আটক অবস্থায় থাকা ৪টি বন বিড়ালের (ঔঁহমষব ঈধঃ) দুগ্ধপোষ্য শাবক উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার (১০ আগষ্ট) দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত-এর দিকনির্দেশনায় এবং ফোনকলে সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ উদ্ধার অভিযানে সহযোগিতা করেন দিঘলিয়া সামাজিক বন বিভাগ। অভিযানে বন বিভাগের কর্মকর্তা আবুল হোসেনের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক। অভিযানে আরও অংশ নেন আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকর্মী সজল কুমার বিশ্বাস, মোঃ আকিব হোসেন এবং দিঘলিয়া সামাজিক বন বিভাগের স্টাফ মোঃ হাবিবুল্লাহ।

উদ্ধারকারী সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া চারটি শাবক এখনও দুগ্ধপোষ্য। এ কারণে তাৎক্ষণিকভাবে বনে অবমুক্ত না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে এবং আলোর মিছিলের নিবিড় পরিচর্যায় রাখা হবে। শাবকগুলো স্বাভাবিকভাবে শিকার ধরে খাওয়ার সক্ষমতা অর্জন করলে উপযুক্ত সময়ে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। অভিযান চলাকালে আলোর মিছিলের স্বেচ্ছাসেবীরা শাবকগুলো আটক করে রাখা পরিবার এবং স্থানীয় জনগণের মধ্যে বন বিড়ালের পরিবেশগত গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেন। তবে তা আংশিকভাবে ইতিবাচক সাড়া পেলেও প্রত্যাশিত মাত্রায় ফলপ্রসূ হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোনো বন্যপ্রাণী আহত, বিপদগ্রস্ত বা আটক অবস্থায় পাওয়া গেলে তা নিজ উদ্যোগে আটকে না রেখে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনার জেলার সংবাদ পড়তে