যশোরের অভয়নগরে লাইসেন্স নবায়ন, জনবল নিয়োগসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ১ টি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। এ সময় চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং প্রতিষ্ঠান মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও লাইসেন্সের ঘাটতি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন দিপু, ডাক্তার সবুজ বিশ্বাস ও পুলিশ প্রশাসন, গণমাধ্যম কার্মরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এবি ডায়াগনস্টিক সেন্টার, লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া প্রতিষ্ঠানের জনবল নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি ও ঘাটতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে কাগজপত্র সংশোধন ও হালনাগাদের জন্য এক মাস সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় বিশ্বাস প্রইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বেলা ৩টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, হাসপাতাল সড়কের তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবার সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি মেনে নেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দিপু বলেন, উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপদ স্বাস্থ্যসেবা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।