বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বার্থী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সাথে বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় টরকী বন্দর বার্থী ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বার্থী ইউনিয়নের মুক্তিযোদ্ধারা আলহাজ্ব আবুল হোসেন মিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড, নেতৃত্ব, সামাজিক ভূমিকা ও সাবেক চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় মুক্তিযোদ্ধা সংসদ বার্থী ইউনিয়নের কমান্ডার আব্দুল কুদ্দুস বলেন, তারা আলহাজ্ব আবুল হোসেন মিয়াকে দলীয় মনোনয়নপ্রাপ্ত হিসেবে দেখতে চান। দলীয় মনোনয়ন পেলে তার বিজয়ের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
আবুল হোসেন মিয়ার বিচক্ষণ নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন মুক্তিযোদ্ধা ইউনুস সরদার।মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তার দক্ষতা ও জনসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, শুধু বার্থী ইউনিয়নেই নয়, গৌরনদীর বিভিন্ন ইউনিয়নে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তার বিজয়ের জন্য কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন। সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপির সাবেক তথ্য ও মানবাধিকার সম্পাদক কাজী সরোয়ার। তিনি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, বিএনপির দুর্দীনে তিনি দলের রাজনীতির হাল ধরেছেন। এ সময় তিনি বার্থীর রাজনৈতিক অঙ্গনের প্রয়াত সামসুল হক মাঝি, প্রয়াত হাবুল শিকদার ও আলহাজ্ব আবুল হোসেন মিয়াকে ‘বার্থীর তিন রত্ন’ হিসেবে উল্লেখ করেন। তাদের মধ্যে দুইজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আলহাজ্ব আবুল হোসেন মিয়া বর্তমানে জীবিত রয়েছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
কাজী সরোয়ার আরও বলেন, আলহাজ্ব আবুল হোসেন মিয়া দীর্ঘদিন ধরে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছেন। মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থেকেছেন এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও সহযোগিতা করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ উল্লেখ করে কাজী সরোয়ার বলেন, জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। মতবিনিময় সভায় বক্তব্য দেওয়া অন্যান্য বক্তারাও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব আবুল হোসেন মিয়া বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। সভায় দলীয় মনোনয়ন প্রসঙ্গে আলহাজ্ব আবুল হোসেন মিয়া বলেন, তার বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি অবদান বিবেচনা করে বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ প্রত্যাশা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।