রংপুরে নারী ক্রীড়ার উন্নয়নে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময়

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৮:১৯ পিএম
রংপুরে নারী ক্রীড়ার উন্নয়নে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময়

রংপুরে নারী ও কিশোরীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা, স্থানীয় পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান নারী খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউসের হলরুমে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সেলোয়ারা বেগম। সভায় নারী খেলোয়াড়দের জন্য স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে তুলে আনা এবং প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নারী ও কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি দেশের ক্রীড়াঙ্গন তখনই পূর্ণতা পায়, যখন নারী ও পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান নারী খেলোয়াড়দের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু জাতীয় পর্যায়ের সাফল্য নয়, তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসন, ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

সভায় বক্তারা বলেন, রংপুর অঞ্চলে নারী খেলোয়াড় তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা, মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না। এসব সীমাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে নারী খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, ক্রীড়া প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো এবং খেলাধুলার মাধ্যমে নারীর আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের এ সার্কেলের কর্মকর্তা শরিফ, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সভাপতি সাদেকুজ্জামান সালেক, সাংবাদিক মেরিনা লাভলিসহ স্থানীয় অংশীজনরা রংপুরের নারী ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি দল এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বাস্তব সমস্যা ও সম্ভাবনাগুলো কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে। এর ফলে রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার পথ আরও সুগম হবে।

আপনার জেলার সংবাদ পড়তে