রংপুরে দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি বৃটিশ আমেরিকান টোবাকো (বিএটি) বাংলাদেশ- এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর সিও বাজার এলাকায় বিএটি বাংলাদেশের রংপুর রিজিওনাল অফিসের সামনে এ কর্মসূচি শুরু করেন ইঅঞই ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের শতাধিক শ্রমিক।
খোলা আকাশের নিচে তীব্র রোদের মধ্যেই শ্রমিকরা অনশনে অংশ নেন। কর্মসূচি শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে চারজন ফিল্ড টেকনিশিয়ান অসুস্থ হয়ে পড়েন। তারা হলেন মাসুদ রানা, রবিউল ইসলাম, রাফসান রনি ও আলী মিয়া। পরে ঘটনাস্থলে চিকিৎসক এসে তাদের রক্তচাপসহ শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং অসুস্থ শ্রমিকদের স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন।
অসুস্থ শ্রমিক মাসুদ রানা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিএটি বাংলাদেশের স্থায়ী প্রকৃতির কাজ করে আসছি। কিন্তু এখনো ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে। একই ধরনের কাজ করেও আমরা স্থায়ী শ্রমিকদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছি না। আমরা কোনো সংঘাত চাই না, ন্যায্য অধিকার চাই। স্থায়ী কাজের বিপরীতে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।’
আরেক অসুস্থ শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা দায়িত্ব পালন করছি। আমাদের শ্রম ও সময় প্রতিষ্ঠানের কাজে ব্যয় হচ্ছে। তারপরও চাকরির নিশ্চয়তা নেই। ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি বিএটি বাংলাদেশের অধীনে স্থায়ী নিয়োগ দেওয়াই আমাদের প্রধান দাবি।’
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা প্রতিষ্ঠানের স্থায়ী প্রকৃতির বিভিন্ন কাজে নিয়োজিত থাকলেও ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে কর্মরত রয়েছেন। এতে চাকরির নিরাপত্তা, স্থায়িত্ব ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাই স্থায়ী প্রকৃতির কাজের বিপরীতে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত এবং ঠিকাদারি প্রথা বাতিলের দাবি জানান তারা।
শ্রমিকরা আরও জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে তাদের।
পরে বেলা ২টার দিকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শ্রমিকদের জুস পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান।
শামসুজ্জামান শামু বলেন, শ্রমিকদের দাবিগুলো যৌক্তিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের এ কর্মসূচির প্রতি তিনি সংহতি প্রকাশ করেন এবং শ্রমিকদের আশ্বস্ত করেন যে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
অনশন ভঙ্গের পর অসুস্থ চার শ্রমিকের মধ্যে গুরুতর অসুস্থ দুই ফিল টেকনিশিয়ানকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে যে কাজ তারা করে আসছেন, সেই কাজের ধরন বিবেচনায় নিয়ে ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি বিএটি বাংলাদেশের অধীনে তাদের স্থায়ী নিয়োগ দিতে হবে। তাদের মতে, স্থায়ী প্রকৃতির কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের চাকরির স্থায়িত্ব ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে