বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এবং একজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনস্বার্থে এসব আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে বদলি করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে বদলি করে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে মুন্সীগঞ্জের এডিসি হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল।
দিলরুবা ইসলাম ও সাগুফতা হককে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী তাদের এ ক্ষমতা অর্পণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মাহমুদা বেগমকে বদলি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) মাহমুদুল হাসান রাসেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ আগস্টের প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।