১৫ আগস্ট ঘিরে ঢাকায় জোরদার নিরাপত্তা, চেকপোস্ট ও ড্রোন নজরদারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ পিএম
১৫ আগস্ট ঘিরে ঢাকায় জোরদার নিরাপত্তা, চেকপোস্ট ও ড্রোন নজরদারি
ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও সংবেদনশীল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।

গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ চালিয়ে যাবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম বা কিউআরটি প্রস্তুত ও মোতায়েন রাখা হবে। সাধারণ মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সমন্বিতভাবে বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে সরেজমিনে থেকে পরিস্থিতি তদারকি করবেন। ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে