ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রিজভী, ‘এখনো কোনো নির্দেশনা আসেনি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৮:২১ পিএম
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রিজভী, ‘এখনো কোনো নির্দেশনা আসেনি’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় সাক্ষাতের পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা জোরালো হলেও কমিটি গঠনের বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপি সরকারের প্রথম ছয় মাসে নির্বাচনি ইশতেহার ও ৩১ দফায় দেওয়া অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিজভী। ছাত্রদলের নতুন কমিটি, সরকারের ছয় মাসের কার্যক্রম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ এবং খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা এসেছে কি না, জানতে চাইলে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

বর্তমান কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, দলের হাইকমান্ড ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে থাকতে পারেন। তবে তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা কী নির্দেশনা দেওয়া হয়েছে, তা এই মুহূর্তে তিনি বলতে পারবেন না। চূড়ান্ত পর্যায়ের কোনো সিদ্ধান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, ‘যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন। ওই সাক্ষাতের পরই ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।

বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কমিটি সাধারণত রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। তবে নতুন কমিটি কবে ঘোষণা হবে বা কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

ছয় মাসে অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়নের দাবি

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে রিজভী দাবি করেন, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফায় দেওয়া অধিকাংশ অঙ্গীকার এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান তিনি।

রিজভী বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই বাস্তবায়ন করা হয়েছে। তবে সরকারকে শুরুতে প্রশাসন গুছিয়ে নেওয়া এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে সময় দিতে হয়েছে।

পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচিগুলো আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যানসহ একটি লিখিত বিবরণ বা বুকলেট আগামীকাল বা পরশুর মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান রিজভী। এতে পরিবার কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের বিস্তারিত তথ্য থাকবে।

মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে রিজভীর ব্যাখ্যা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়েও প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে।

রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার আইনগত বাধ্যবাধকতা ছিল না। তবে দলের সিদ্ধান্ত এবং নৈতিক অবস্থান থেকেই মির্জা ফখরুল মহাসচিব পদ থেকে পদত্যাগ করছেন।

বিষয়টি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের সঙ্গে কোনো বিরোধ নেই বলেও জানান রিজভী। তিনি বলেন, দলের নির্দেশক্রমেই বিষয়টি জানানো হয়েছে।

পরবর্তী মহাসচিব নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘দল যেভাবে সিদ্ধান্ত নেবে, পরবর্তী মহাসচিব সেভাবেই নির্বাচিত হবে এবং তা জানিয়ে দেওয়া হবে।’

দলের প্রতিটি পদক্ষেপ যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়া

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে খালেদা জিয়া কখনো বিচ্যুত হননি। রাজনৈতিক জীবনে এ কারণে তাকে দুঃখ, বেদনা, নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তার ভাষ্য, ছাত্র-জনতার সেই আন্দোলনে খালেদা জিয়া ছিলেন মূর্ত প্রতীক ও মূল প্রেরণা।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানান রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। একইভাবে দেশের বিভিন্ন দলীয় কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

দোয়া অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ম্যাডামের বিষয়টা আমাদের জাতির একটা আবেগের বিষয়। আমি মনে করি আপনারা এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে তুলে ধরবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে