রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজারে বৈদ্যুতিক গোলযোগের কারণে পাটের গুদামসহ ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়িরা । সোমবার (১৭ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সালাউদ্দিন লস্কর। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- মোল্লা ট্রেডার্স, জলিল রাইস মিল, ফাতেমা ফার্মেসি, আফতা ফার্মেসি ও জারিফ স্টোর। মোল্লা ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম জানান, তার গুদোমে ৯০০ মন পাট ছিল। প্রতি মণ পাট ৪১০০ থেকে ৪২০০ টাকা মণ বিক্রি করলেও প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনে সব পাট পুড়ে যাওয়ায় তার বড় ধরণের ক্ষতি হয়েছে।
ফাতেমা ফার্মেসির মালিক ইমরুল হাসান সুমন জানান, পাটেরগুদামসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে আগুনে পুড়ে। তার নিজেরই ২০ লাখ টাকার ওষুধ নষ্ট হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় তারা এখন নি:স্ব হয়ে গেছেন। জলিল রাইস মিলের মালিক জলিল সরদার জানান, খবর পেয়ে রাতেই তারা ছুটে আসেন। এসে দেখেন সব আগুনে পুড়ছে। তাদের মিল ও ওষুধের দোকান মিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সালাউদ্দিন লস্কর জানান, রাতে খবর পেয়ে তারা ৩টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের সদস্যদের আপ্রাণ চেষ্টার পর দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুনের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকা বলে তিনি জানান।