লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর আয়োজনে চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৯ পিএম
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর আয়োজনে চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবনহানির ঝুঁকি কমাতে  লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে ১৫দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে চিকিৎসা উপকরণ ও সনদ বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলা হাসপাতালের হল রুমে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল খাঁন সজিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও চিকিৎসা উপকরণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর রাজু হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, আরএম ডা. সাইদুল ইসলাম সোহেলসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন। গত ২ আগষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন নারী-পুরুষকে এ প্রশিক্ষণে অংশ নেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শরীরের তীব্র রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও জখমের প্রাথমিক ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও শারীরিক আঘাতের জরুরি পরিচর্যা, সাপের কামড়, অগ্নিকাণ্ড ও পানিতে ডোবার ঘটনায় জীবন রক্ষাকারী প্রাথমিক পদক্ষেপ, অচেতন রোগীর শ্বাস-প্রশ্বাস সচল রাখা এবং নিরাপদ উপায়ে হাসপাতালে স্থানান্তরের কৌশল জানিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা গ্রহণই এ প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার বলেন, এ উপজেলার দুর্গম এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেই  এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারলে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হবে জানিয়ে তিনি আরো বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়। এ বাস্তবতা বিবেচনায় প্রশিক্ষণের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হবেন এ উদ্দেশ্যেই এ কার্যক্রম হাতে নেয় সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন মোঃ সাব্বির হোসেন (আরএমও) জানান, গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ গ্রহণকারীরা এখন থেকে প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হলে ঘরে বসেই এ সমাধান করতে পারবে।

আপনার জেলার সংবাদ পড়তে