চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে ছড়িয়ে দিতে ‘নজরুল কর্নার’ এবং স্থানীয় লেখকদের প্রকাশিত পুস্তক নিয়ে ‘লেখক কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি বিশেষ কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জাতীয় কবির সাহিত্যকর্ম এবং স্থানীয় সাহিত্যিকদের সৃষ্টিকর্মকে তরুণ প্রজন্মের মাঝে পরিচিত করার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে। নজরুল কর্নার এবং লেখক কর্নার চালুর ফলে পাঠক ও গবেষকরা চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্যের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন।” অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় লেখক আবদুল গনি, মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, দীন মোহাম্মদ দীলরাজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাহিত্যপ্রেমী সুধীবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত কর্নার দুটি ঘুরে দেখেন এবং সংগৃহীত বইসমূহ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত শিক্ষার্থীরা নতুন এই কর্নার চালু হওয়ায় গভীর আগ্রহ প্রকাশ করেন।