বাঘা পৌর নির্বাচনে

ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল বিশ্বাস হচ্ছেন মেয়র পদে প্রার্থী

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:৫০ পিএম
ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল বিশ্বাস হচ্ছেন মেয়র পদে প্রার্থী

৩০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন ইসরাফিল বিশ্বাস। সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু তিনি কোন নির্বাচনে জামানত ফেরত পায়নি। ইসরাফিল বিশ্বাস রাজশাহীর বাঘা পৌরসভার বলিহার গ্রামের বাসিন্দা।

তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রীর পাশাপাশি ডেকোরেটর ব্যবসায়ী। তিনি ১৯৯৬ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হন। এই দুটি নিবাচনে ১ শতাংশ ভোটারদের স্বাক্ষর সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞান’।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসরাফিল বিশ্বাসের ছবি সম্বলিত পোস্টার ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকের পোস্টারে লেখা রয়েছে  ‘আসন্ন বাঘা পৌরসভা নিবাচনে, বাঘা পৌরসভার সন্তান সৎ, যোগ্য, সু-শিক্ষিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সততাই মূলনীতি। ইসরাফিল বিশ্বাসকে বাঘা পৌরসভার মেয়র পদে দেখতে চাই। প্রচারে বাঘা পৌরসভার সর্বস্তরের জনগণ। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’

বারবার প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে ইসরাফিল বিশ্বাস বলেন, নির্বাচনকে ঘিরে ভোটের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রজন্মকে জানতে হবে, এদেশে একদিন গণতন্ত্র ও ভোটের রাজনীতি ছিল না। কোনো দিন যদি নির্বাচিত হই, তাহলে সমাজ সেবক হিসেবে তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবো সবার আগে। অতীতের দিনগুলোর চেয়ে এবার পৌর নির্বাচনে ভোটাররা মূল্যায়ন করবে বলে তার আত্নবিশ্বাস।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি বলেন, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে ইসরাফিল বিশ্বাসের নির্বাচনে বাববার অংশ গ্রহনের বিষয়ে জানা নেই।

আপনার জেলার সংবাদ পড়তে