অবৈধ মাটি কাটায় বাগমারায় প্রশাসনের কঠোর অবস্থান, ৩ ভেকু জব্দ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম
অবৈধ মাটি কাটায় বাগমারায় প্রশাসনের কঠোর অবস্থান, ৩ ভেকু জব্দ
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ খ্রি.) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায়। সেখানে প্রায় ৬০০ বিঘা কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কোনো দুষ্কৃতকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এসময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটেই অকেজো করা হয়। একই দিন দ্বিতীয় অভিযান পরিচালিত হয় শুভডাঙ্গা ইউনিয়নের তেঘরিয়া এলাকায়। সেখানে অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে না পাওয়া গেলেও অবৈধ কাজে ব্যবহৃত ১টি ভেকু মেশিন জব্দ করে অকেজো করা হয়। উল্লেখ্য, এর আগেও গত ৩১ মার্চ ও ৮ এপ্রিল একই এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি ভেকু মেশিন অকেজো করা হয়েছিল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষি জমির টপসয়েল কেটে নেওয়া সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এভাবে কৃষি জমি কমতে থাকলে আমরা ভবিষ্যতে সার সংকটে পড়ার আশঙ্কা করছি। আরেকজন কৃষক বলেন, “মাটি কাটার কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়, চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আমরা উপকৃত হবো।