রাঙ্গাবালীতে

স্ত্রীর সঙ্গে কলহে তরুণের আত্মাহুতির চেষ্টা, বাঁচাতে গিয়ে বাবার শরীর দগ্ধ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৬ পিএম
স্ত্রীর সঙ্গে কলহে তরুণের আত্মাহুতির চেষ্টা, বাঁচাতে গিয়ে বাবার শরীর দগ্ধ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছেন শাওন হাওলাদার (২২) নামে এক তরুণ।  এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবা মো. হারুন অর রশীদ হাওলাদার (৫০) গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গেলে এমন দাবি করেন দগ্ধ হারুন অর রশীদ ও তার  পরিবার। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, শাওন তার বাবার শরীরেই আগুন ধরিয়ে দিয়েছিলেন। ছেলেকে রক্ষা করতে এখন পরিবার প্রকৃত ঘটনা আড়াল করছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে (ভৌগোলিকভাবে ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে আশ্রয়ণটি  অবস্থিত)  এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বসতঘরের ভেতর পেট্রোল ঢেলে নিজের গায়ে দেয়া আগুনে শাওন সামান্য দগ্ধ হলেও বাঁচাতে গিয়ে তার বাবা হারুন অর রশীদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ হারুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, শাওন তার স্ত্রী জান্নাতকে মারধর করার সময় বাবা বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে বাবার শরীরেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।  তবে এ অভিযোগ অস্বীকার করে দগ্ধ বাবা হারুন অর রশীদ হাওলাদার বলেন, ছেলের সঙ্গে পুত্রবধূর ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি দগ্ধ হন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো আশ্রয়ণ প্রকল্পটি। স্থানীয় অনেকেই দাবি করেন, শাওন মাদকাসক্ত। এর আগেও তিনি একাধিকবার অপ্রত্যাশিত আচরণ করেছেন। তবে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে  অভিযুক্ত শাওন জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ে করে নিজের গায়ে আগুন দিতে চান তিনি। সেই আগুন নেভাতে গিয়ে তার বাবা দগ্ধ হয়েছেন।  এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, 'এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, দুই-তিন বছর আগে শাওনের বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে।