নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ মে, ২০২৬, ১১:২১ এএম
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার (১ মে) শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। 

সমাবেশকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে। দলটির নেতারা আশা করছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ও নেতাকর্মী এতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।

নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, এবারের মে দিবস একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হয়ে পড়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

অতীতে বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়ার ফলে শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে