কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযান পরিচালিত হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ ঔষধ উদ্ধার করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ মে ২০২৬ তারিখ দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ এবং ১,৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা। একই তারিখ ২ মে ২০২৬বিকেলে বিলগাথুয়া বিওপির একটি চৌকষ টহল দল বিলগাথুয়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেন্সিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৭১,৬০০/- (দুই লক্ষ একাত্তর হাজার ছয়শত) টাকা। যাহার সর্বমোট সিজার মুল্য ৭,৫১,৬০০/- (সাত লক্ষ একান্ন হাজার ছয়শত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।