ভেড়ামারায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ঘাত সহনশীল ধান ফসলের নতুন জাতের ভ্যারাইটাল ট্রায়াল (বোরো) উপলক্ষে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন (এফটিও) অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিরহাট গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রযুক্তি প্রদর্শনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে ব্রি ধান-১২০ জাতের ওপর প্রদর্শনী স্থাপন এবং কৃষকদের মাঝে এর আধুনিক চাষাবাদ প্রযুক্তি তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেনসহ স্থানীয় কৃষকরা। ওরিয়েন্টেশনে ব্রি ধান-১২০ জাতের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এ জাতের ধান চিকন ও লম্বা, জিংক সমৃদ্ধ এবং রোগবালাই প্রতিরোধী হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক ও সম্ভাবনাময় জাত হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া পরিমিত সার ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে এ ধরনের প্রযুক্তি প্রদর্শনী কৃষকদের নতুন জাত গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে