সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল। পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের শৃঙ্খলা ও কিট সরঞ্জামের রক্ষণাবেক্ষণ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সরকারি মালামাল যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেন।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে এসপি আরেফিন জুয়েল বলেন, "আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। তাই আমাদের সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাংলাদেশ পুলিশের ড্রেসরুল অনুযায়ী মানসম্মত পোশাক পরিধান করা প্রত্যেকের দায়িত্ব।" পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের কিট বই যাচাই করেন এবং প্রাপ্যতার সঙ্গে সরঞ্জামের মিল আছে কি না, তা খতিয়ে দেখেন। এ সময় নিজের নামে বরাদ্দকৃত সরঞ্জাম অন্য কাউকে হস্তান্তর না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন তিনি।
কিট প্যারেডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ। এছাড়া দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা প্যারেডে অংশ নেন।