পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রংপুরে যৌথ উদ্যোগে সাব কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৫টায় রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় র্যাব-১৩ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত এ সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত বাড়বে। তাই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি বা যানজট সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন , রংপুর জেলা মোটর মালিক সমিতির সেক্রেটারি ওয়াসিম বারী রাজ এবং মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ। বক্তারা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। যাত্রীসেবায় অবহেলা কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরিফুল আলম, সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু সাঈদ, সহকারী পুলিশ কমিশনার মোঃ সফিকুল ইসলাম, মোহাম্মাদ বখতিয়ার উদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যান) প্রশাসন মোঃ ফারুক হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর রাশিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।