ফাঁদসহ ৪ হরিণ শিকারি আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ট্রলারসহ গ্রেফতার ৩

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:১০ পিএম
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ট্রলারসহ গ্রেফতার ৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর ও সুপতি বনাঞ্চলে পৃথক অভিযান চালিয়ে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ চার শিকারি এবং প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারি ও জেলেদের ব্যবহৃত দুটি ট্রলার ও মাছ ধরার জাল জব্দ করা হয়। আটককৃত হরিণ শিকারিদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার (১০ জুন) সন্ধ্যায় শেলারচর টহল ফাঁড়ির ছাপড়াখালীর গহীন বনে তল্লাশি চালান। এ সময় শিকারিদের পেতে রাখা হরিণের ফাঁদ দেখতে পেয়ে তারা চার শিকারিকে হাতেনাতে আটক করেন এবং জঙ্গল থেকে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করেন। পরে ঘটনাস্থলের অদূরে একটি খাল থেকে শিকারিদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃত শিকারিরা হলেন-শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নূর আলম (১৮)।

অপরদিকে, সুন্দরবনে প্রজনন মৌসুম উপলক্ষে সব ধরনের মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আরও তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার বিকেলে সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইডখালে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন-বরগুনা জেলার ছোটপাথরঘাটা গ্রামের হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামিম মৃধা (১৯)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেলারচরের ছাপড়াখালী এলাকায় ফাঁদসহ আটক হওয়া হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলার আসামিদের বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় বন বিভাগের এই কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে