তীব্র গরম উপেক্ষা করে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৮:২৮ পিএম
তীব্র গরম উপেক্ষা করে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়া ঘাটা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে চোখধাঁধানো এই ঘোড়দৌড় উপভোগ করতে দুপুরের পর থেকেই সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারো ক্রীড়ামোদী মানুষের ঢল নামে মাঠজুড়ে।

ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. তাসকিন আহমেদ চিশতী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির এক অনন্য মূলভিত্তি। বর্তমান যুগের তরুণ ও যুবসমাজকে মারাত্মক মাদকাসক্তি, ক্ষতিকর মোবাইল আসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদন ও মাঠপর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। চমৎকার এই আয়োজন গ্রামীণ সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু ও সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের (রাইডার) হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীদেরও যথাক্রমে সাড়ে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। স্থানীয় সমাজসেবকরা জানান, গ্রামীণ সংস্কৃতির এই ধারা বজায় রাখতে আগামী বছরগুলোতেও এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন ধরে রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে