সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৮:৩০ পিএম
সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আওতায় থাকা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তরক্ষীরা।

বিজিবি সূত্র জানায়, গত ১০ জুন নীলডুমুর ব্যাটালিয়নের প্রতিপক্ষ ভারতের ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিভিন্ন বয়সের ১২-১৫ জন পুরুষ, নারী ও শিশুকে পুশ-ইনের জন্য জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এসব ব্যক্তি নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যের পর নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকার সব সীমান্ত তল্লাশি চৌকিতে (বিওপি) জনবল বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তে মোটরসাইকেল এবং অল টেরেন ভেহিকলের (এটিভি) মাধ্যমে নিয়মিত ও অতিরিক্ত রাত্রিকালীন টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী নদী এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ‘হাই স্পিড বোট’ বা দ্রুতগামী নৌকার সাহায্যে নিয়মিত টহল চলছে। টহল দলগুলো বাঁশি, লাইট ও মেগাফোন ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বিজিবির কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ)। অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং করার পাশাপাশি জনসচেতনতামূলক সভাও করা হচ্ছে। এ বিষয়ে ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। অধিনায়ক আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ-ইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এ জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে