শুক্রবার ভোমরায় সমাবেশ

সীমান্তে পুশইন ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:৫৯ পিএম
সীমান্তে পুশইন ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

ভারত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় জোটের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনার স্বচ্ছ তদন্ত পরিচালনা করা এবং জাতীয় স্বার্থে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা।

নেতৃবৃন্দ বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক এবং জাগপা ও এবি পার্টিসহ জোটভুক্ত অন্যান্য দলের নেতারা। আগামীকাল শুক্রবার (১২ জুন) বিকেল চারটায় এই দাবিতে সাতক্ষীরার ভোমরায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

আপনার জেলার সংবাদ পড়তে