রাতের আঁধারে চুরি হলো সেতুর লোহার পাটাতন

সীতাকুণ্ডের বগাচতরে চরম দুর্ভোগে হাজারো মানুষ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:১৩ পিএম
সীতাকুণ্ডের বগাচতরে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় বদরখালী খালের ওপর নির্মিত অতি গুরুত্বপূর্ণ লোহার সেতুটির একটি বিশালাকার লোহার পাটাতন (স্ল্যাব) চুরির ঘটনা ঘটেছে। গত পরশু রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র এই চুরির কাণ্ড ঘটায় বলে জানা গেছে। অতি জনগুরুত্বপূর্ণ এই সেতুর পাটাতন উধাও হয়ে যাওয়ায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ পথচারীরা। ফলে খালের দুই পাড়ের হাজার হাজার মানুষ এখন চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বদরখালী খালের ওপর নির্মিত এই লোহার সেতুটি দিয়ে প্রতিদিন দক্ষিণ বগাচতর ও উত্তর বগাচতরের হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ছোটখাটো যানবাহন চলাচল করে। এলাকার কৃষি পণ্য ও জরুরি রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে এই সেতুটিই একমাত্র ভরসা। কিন্তু গত পরশু রাতে কোনো এক সুযোগ সন্ধানী অমানুষ ও চোরচক্র জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে সেতুর একটি প্রধান লোহার পাটাতন কেটে বা খুলে নিয়ে যায়। গতকাল সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে পাটাতনবিহীন ওই অংশে একটি বড়সড় গর্ত বা শূন্যতার তৈরি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এলাকার ভুক্তভোগী বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, লোভ যখন মানবিকতাকে ছাড়িয়ে যায়, তখন রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক সম্পদও নিরাপদ থাকে না। যারা সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমটি এভাবে ধ্বংস করতে পেরেছে, তারা সমাজের শত্রু। 

সচেতন মহলের মতে, এই ঘটনা শুধু একটি চুরির মামলা নয়, বরং সরকারি সম্পদ বিনষ্ট ও জননিরাপত্তা বিঘ্নিত করার শামিল। অবিলম্বে সীতাকুণ্ড থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচিত তদন্ত সাপেক্ষে এই চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। দুর্ভোগ নিরসনে এবং যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে সেতুটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বগাচতর এলাকার সর্বস্তরের জনগণ।

আপনার জেলার সংবাদ পড়তে