‘মেধা- বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরে শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি উপজেলা-থানা, জেলা এবং জাতীয়-এই তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার(১২ জুন ২০২৬ ইং) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই প্রদর্শনীতে তারা নিজেদের তৈরি বিভিন্ন চমৎকার উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া তুলে ধরেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি’ এই অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী প্রদর্শনী শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।এর আগে তিনি স্থানীয় শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে। আজকের এই তরুণরাই আগামীর উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর। তারেক রহমান সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী মেধাকে বিশ্বমানের করে গড়ে তোলা। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই কর্মসূচি। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এমএন জামিউল হিকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব আ. কাদির বেপারী প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।