চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) মো. বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বাদ আছর শহরের বাইতুল আমিন জামে মসজিদে মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু ও তাঁর পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম মো. বজলুল গণি চলতি বছরের ৫ জানুয়ারি চাঁদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু পিতার রুহের মাগফেরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মো. বজলুল গণি কর্মজীবনে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সরকারের সিনিয়র সহকারী কমিশনারসহ (সি. ম্যাজিস্ট্রেট) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তি। দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।