গাছ কাটতে বাধা দেওয়ায় যুবকের ওপর হামলার অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৪৫ পিএম
গাছ কাটতে বাধা দেওয়ায় যুবকের ওপর হামলার অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসী যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে ভুক্তভোগী পরিবার বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়,গতকাল উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের আবদুর রশীদ চৌধুরীর জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিবেশী মৃত, আবদুল হামিদ এর পূএ মো. লিটন ও মৃত,হাবিব উল্লাহ'র পূএ আব্দুস সাত্তার মিন্টু তাদের জমির গাছ কাটতে গেলে সৌদি প্রবাসী কানন চৌধুরী ও তার ভাই চন্দন চৌধুরী বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লিটন গাছ কাটার কাজে ব্যবহৃত দা নিয়ে কানন চৌধুরীর দিকে তেড়ে যান এবং তাকে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আব্দুস সাত্তার মিন্টু, কানন চৌধুরীকে মারধর করে। যা সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে বলে দাবি করেছে অভিযোগকারী পক্ষ। 

সৌদি প্রবাসী কানন চৌধুরী বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তির পাশের গাছ কাটতে দেখে আমরা কারণ জানতে চাই। এতেই তারা ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার ভাই এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।  তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন এবং বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুস সাত্তার মিন্টু। তিনি বলেন, “জমি পরিমাপের জন্য আমিন আনা হয়েছিল। পরিমাপের সুবিধার্থে কিছু গাছের ডাল কাটা হয়েছে মাত্র। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।  পরে চন্দন চৌধুরী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে