পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ১৫ জুন, ২০২৬, ০৪:০২ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৪:০২ পিএম
পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও  বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। নিহতরা হলেন মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম অভিমুখে যাত্রারত একটি সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) ও রামিম (১০)। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে