সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা এবং আগামী কার্যবছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শনিবার (২০ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সুজন-এর সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরআরএফ (আরা)-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব ও সলুদা বেগম প্রমুখ। সভায় সুশাসনের পরিবেশ নিশ্চিতকরণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আগামী দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে- আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে ‘সুজন বন্ধু’র জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময় সভা সম্পন্ন করা, নতুন সদস্য সংগ্রহ জোরদার করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা। এছাড়া প্রতি তিন মাস অন্তর স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন এবং আগামী ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে ৭১ সদস্য বিশিষ্ট ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং নারী নেত্রী ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সাতক্ষীরা জেলায় সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।