কুমিল্লার হোমনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গাছের চারা, পুরস্কার ও ঋণ বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল আলম, সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান এবং নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সমবায়ী মহিউদ্দিন লিটন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য, স্থানীয় চার জন মুক্তিযোদ্ধা ও এক জন পোষ্য, এক জন উদ্যোক্তা ও চৌদ্দ জন সমবায়ীর মাঝে মোট ৯ লক্ষ ৫৭ হাজার টাকার কৃষি ঋণের চেক, গাছের চারা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।