বুধহাটায় মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ১২:১৬ এএম
বুধহাটায় মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার ২

আশাশুনি উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে রূপালী ব্যাংকের নিচ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে খুলে রাখা মোটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮.৩০ টার দিকে এ ঘটনা ঘটে।  বুধহাটা করিম সুপার মার্কেটে অবস্থিত রূপালী ব্যাংকের নিচে ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী আমানুল্লাহর ব্যবহৃত ডায়াং ৮০ মোটরসাইকেল রাখা ছিল। রাতে সংঘবদ্ধ চোরেরা মটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

বুধবার সকালে ব্যাংকের ম্যানেজার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে মার্কেটের মালিক ও অন্য দোকানদারদের উপস্থিতিতে ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ ঘটনায় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হারুন অর-রশীদ মৃধার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বুধহাটা গ্রামের বুলবুল আহমেদের ছেলে মোটর ম্যাকানিক আবু মুসা নূরকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাহাদুরপুর গ্রামের ভাঙড়ী ব্যবসায়ী মৃত আঃ জব্বারের ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চুরি হওয়া মোটরসাইকেলটির যন্ত্রাংশ রাতেই খুলে পাশ্ববর্তী একটি ভাঙারি দোকানে ফারুক হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে মাত্র ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুন অর-রশীদ মৃধা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।এদিকে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধহাটা বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে