যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উন্নয়নকর্মী সাজ্জাদ হোসেন সিকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার দুপুরে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা উন্নয়নে আগ্রহের বিষয়টি বিবেচনা করে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, শিক্ষক, বিএনপি নেতৃবৃন্দ ও সুধীজন। সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।” বিএনপি নেতৃবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।