মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিরল উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিরলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারী নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।
মঙ্গলবার বিকেলে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এসব জাল ধ্বংস করা হয়। বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার ০৫ নং বিরল ইউনিয়ন ও ১০ নং রাণীপুকুর ইউনিয়নের তুলাই নদীর বিভিন্ন অংশ থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ৪০টি ও কারেন্ট জাল ১০টি পানি থেকে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকার অধিক।
পরে বিরল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।