চিতলমারীতে

ফ্যামিলি কার্ড বিষয়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে কর্মকর্তার অপসারণ দাবী

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৬:০৮ পিএম
ফ্যামিলি কার্ড বিষয়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে কর্মকর্তার অপসারণ দাবী

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবীতে রবিবার (০৯ আগস্ট, ২০২৬) বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের জন্য লোক নিয়োগে অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ হয়।  বিক্ষোভকারীরা ব্যানার সহকারে ঝাড়ু, প্লাকার্ড নিয়ে উপজেলা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ইউএনও খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার রনজিৎ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান দেয়। এই সময় বিক্ষুব্ধ জনতার ভয়ে সকল অফিস বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন বিএনপির এমপি (নমিনি) প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলসহ বিএনপির নেতৃবৃন্দ।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়গুলোর সামনে অবস্থান নেয়। এসময় ইউএনও, সমাজসেবা, শিক্ষা অফিস, মৎস্য অফিস সহ সকল দপ্তরের দরজা বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা জানায়, ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত ছিলো- ইতোপূর্বে বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)-এর ডিজিটাল জরিপ কাজে অভিজ্ঞ এবং অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের এই নিয়োগে প্রাধান্য দেয়া হবে। কিন্তু তা না করে বৈষম্য ও দুর্নীতির মাধ্যমে ওই দুইটি পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। তারা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অনিয়মকারী ইউএনও খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার রনজিৎ বিশ্বাসের অপসারণ চায়। 

বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বক্তব্যে বাগেরহাট-১ আসনে বিএনপির এমপি (নমিনি) প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো ফ্যামিলি কার্ড প্রদান। এই কাজে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা বিধায় জনগণ আজ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিএনপি চিতলমারীকে দুর্নীতিমুক্ত করতে এবং মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরিফুল হাসান অপু, অ্যাডভোকেট ফজলুল হক, মো. শিপন মুন্সি, জাকারিয়া মিলন, নিয়ামত আলী খান, মো. জবরুল শেখ প্রমূখ। অপরদিকে, ইউএনওর ফেসবুকে দেখা যায়- ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডার কাজের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার গতকাল শনিবার (০৮ আগস্ট) এক নতুন চিঠিতে জানান, গত ০৪ আগস্ট দেয়া উক্ত দুই পদের নিয়োগ স্থগিত করা হয়েছে। রবিবার (০৯ আগস্ট) ইউএনও খাদিজা আক্তারের মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে