দৌলতপুর সীমান্তে আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ পিএম
দৌলতপুর সীমান্তে আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মদ, গাঁজা, স্কাফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট, পাতার বিড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২ জন আসামীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৭১ হাজার ১০০ টাকা।

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, জামালপুর ও রামষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে ০৫ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ১২ কেজি জিরাসহ মোঃ শাকিব ইসলাম (২৪) এবং নিচপাড়া মাঠ থেকে ৭ বোতল স্কাফ সিরাপ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মোঃ বাক্কার (৩৮)-কে আটক করা হয়। একই সময়ে জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ৯ আগস্ট রোববার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে