হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৭৮

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৪:৪৫ পিএম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৭৮
ছবি: সংগ্রহীত

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৭৮ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯২ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৩ জন। অর্থাৎ এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭৮ জন।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩২২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন।

মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন।

সব মিলিয়ে, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ শিশুর মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে